ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪, আহত ২৯

ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস সড়ক থেকে ছিটকে খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরো কমপক্ষে ২৯ জন।

নয়া দিগন্ত অনলাইন
সড়ক থেকে ছিটকে খাদে বাস
সড়ক থেকে ছিটকে খাদে বাস |সংগৃহীত

ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস সড়ক থেকে ছিটকে খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরো কমপক্ষে ২৯ জন।

বুধবার (১৫ এপ্রিল) জরুরি সেবা কর্মকর্তারা এ তথ্য জানায়।

দেশটির আন্দিজ অঞ্চলের আজুয়াই প্রদেশের মোলেতুরো শহরে এ দুর্ঘটনা ঘটে। প্রদেশটির রাজধানী কুয়েঙ্কা ইকুয়েডরের তৃতীয় জনবহুল নগরী।

ইকুয়েডরের জরুরি সেবা সংস্থা ইসিইউ ৯১১ বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ‘এই মুহূর্তে কুয়েঙ্কা-মোলেতুরো মহাসড়কে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ২৯ জন।’

সংস্থাটি আরো জানায়, ‘সমন্বিত সংস্থাগুলোর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। আরো কেউ নিহত হয়েছেন কি-না, তা খুঁজে দেখা হচ্ছে।’ তবে বাসে কতজন যাত্রী ছিলেন, তা উল্লেখ করা হয়নি।

দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যুর অন্যতম প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। সরকারি হিসাবে, গত বছর সড়ক দুর্ঘটনায় দুই সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ২০২৩ সালে এ সংখ্যা ছিল রেকর্ড দুই হাজার ৩৭৩ জন।

সূত্র: বাসস