প্রধানমন্ত্রীর প্রতি শিশির মনিরের সতর্কতামূলক পরামর্শ

পোস্টে শিশির মনির উল্লেখ করেন, ক্ষমতায় থাকার কারণে অনেকেই প্রধানমন্ত্রীর কাছে বাস্তবতা তুলে ধরতে সঙ্কোচবোধ করেন বা ভীত থাকেন। তবে অতিরিক্ত তোষামোদ দীর্ঘমেয়াদে নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে বলে তিনি সতর্ক করেন। তিনি বলেন, অতীতে এমন তোষামোদির সংস্কৃতি অনেককে হেয়-প্রতিপন্ন করেছে এবং বর্তমানে একই প্রবণতা আবারো দেখা যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইনজীবী শিশির মনির
প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইনজীবী শিশির মনির |সংগৃহীত

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি এক সতর্কতামূলক বার্তা দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

শুক্রবার (১৭ এপ্রিল) দেয়া এক পোস্টে তিনি সরকারপ্রধানকে উদ্দেশ্য করে বিভিন্ন পদক্ষেপের সমালোচনা এবং এ বিষয়ে পরামর্শ তুলে ধরেন।

পোস্টে শিশির মনির উল্লেখ করেন, ক্ষমতায় থাকার কারণে অনেকেই প্রধানমন্ত্রীর কাছে বাস্তবতা তুলে ধরতে সঙ্কোচবোধ করেন বা ভীত থাকেন। তবে অতিরিক্ত তোষামোদ দীর্ঘমেয়াদে নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে বলে তিনি সতর্ক করেন। তিনি বলেন, অতীতে এমন তোষামোদির সংস্কৃতি অনেককে হেয়-প্রতিপন্ন করেছে এবং বর্তমানে একই প্রবণতা আবারো দেখা যাচ্ছে।

তিনি সাম্প্রতিক বিভিন্ন ঘটনার উদাহরণ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশংসায় বিভিন্ন প্রস্তাব উত্থাপন, আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে সংসদে অভিনন্দন প্রস্তাব, পরিবারের সদস্যদের প্রোটোকল প্রদান এবং রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে পরিবারের সদস্যদের উপস্থিতি বৃদ্ধি। এসব বিষয় জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া, তিনি প্রধানমন্ত্রীর কিছু ইতিবাচক দিকও উল্লেখ করেন। সাধারণ জীবনযাপন, প্রোটোকল কমানো, নিয়মিত অফিস করা এবং কর্মনিষ্ঠা—এসবকে তিনি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

গণঅভ্যুত্থানের পর জনগণ তোষামোদ নয়, কার্যকর কাজ দেখতে চায় বলেও তিনি মত দেন। দক্ষতা ও সততার ভিত্তিতে নেতৃত্ব মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জটিল সমস্যার সমাধান করতে পারলে জনগণের সমর্থন স্বাভাবিকভাবেই আসবে, অন্যথায় তা হারানোর ঝুঁকি থাকবে।

পোস্টে পরিবারকেন্দ্রিক নেতৃত্বের বিষয়েও সতর্ক করেন এই আইনজীবী। নতুন প্রজন্ম যোগ্যতাকে বেশি গুরুত্ব দেয় উল্লেখ করে তিনি বলেন, কৃত্রিমভাবে নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা জনমনে অসন্তোষ তৈরি করতে পারে।

সবশেষে তিনি বলেন, একজন পাবলিক ফিগার হিসেবে প্রধানমন্ত্রীর সমালোচনা করার অধিকার সবার রয়েছে। তিনি বিশেষভাবে “জুলাই সনদ” বাস্তবায়ন প্রসঙ্গে সরকারের প্রতিশ্রুতি থেকে বিচ্যুতির অভিযোগ তুলে ধরে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।