সংরক্ষিত নারী আসন

গুলশানে চলছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

প্রথম দিনে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও ফরিদপুর বিভাগের প্রত্যাশীদের ডাকা হয়েছে।

অনলাইন প্রতিবেদক
বিএনপির গুলশান কার্যালয়ের সামনের দৃশ্য
বিএনপির গুলশান কার্যালয়ের সামনের দৃশ্য |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ সাক্ষাৎকারের প্রথম দিনে আজ পাঁচ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের ডাকা হয়েছে। আগামীকাল একই সময়ে আরো পাঁচ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

আজ বেলা ৩টায় বিএনপির গুলশান কার্যলয়ে সাক্ষাৎকার শুরু হয়। প্রথম দিনে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও ফরিদপুর বিভাগের প্রত্যাশীদের ডাকা হয়েছে।

উপস্থিত আছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দীন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির মনোনয়ন বোর্ড সদস্যরা।

সাক্ষাৎকার শুরুর আগে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা একটি কঠিন ও দুঃসময়ের মধ্য দিয়ে আজ গণতন্ত্রের এই পর্যায়ে পৌঁছেছি। গণতন্ত্রকে আরো শক্তিশালী ও কার্যকর করতে হলে এটিকে এগিয়ে নেয়া জরুরি। সেই সংগ্রামে গত ১৫–১৭ বছরের আন্দোলনে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অবশ্যই মূল্যায়িত হবে। এ সময়ে অনেক নারী নেত্রী মিথ্যা মামলার শিকার হয়েছেন, গুলিতে আহত হয়েছেন, তাদের বাড়িতে হামলা-ভাঙচুর হয়েছে, এমনকি সন্তানদেরও তুলে নেয়া হয়েছে—শুধু রাজনৈতিক আদর্শের কারণে। এই দীর্ঘ দমন-পীড়নের বিষয়গুলো নিশ্চয়ই বিবেচনায় নেয়া হবে।

তিনি আরো বলেন, ‘পাশাপাশি সংসদে কার্যকরভাবে কথা বলা, আইন প্রণয়নে অংশ নেয়ার সক্ষমতা, প্রয়োজনীয় জ্ঞান ও শিক্ষাগত যোগ্যতাও গুরুত্ব পাবে। সব দিক বিবেচনা করেই মনোনয়ন বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে—কারা হবেন নারী সংসদ সদস্য। যথাযথ মূল্যায়ন হবে বলেই আমার বিশ্বাস।’