৯ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

নিজস্ব প্রতিবেদক
বক্তব্য রাখছেন সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান
বক্তব্য রাখছেন সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান |সংগৃহীত

চার দিনব্যাপী ‘৯ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ শেষে সেনাবাহিনী প্রধান উপস্থিত সকলের উদ্দেশে তার বক্তব্যে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এ টুর্নামেন্টে দেশী-বিদেশী খেলোয়াড়সহ সর্বমোট ৮১৫ জন গলফার অংশ নেন। টুর্নামেন্টে জাদিদ একরাম ইখওয়ান উইনার, মো: সাকিব রহমান রানার আপ ও মিসেস মিয়ংহি কিম লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

অনুষ্ঠানে গলফ টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়রা ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, স্পন্সর প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও কর্মকর্তারা, আমন্ত্রিত অন্যান্য অতিথিরা ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।