কৃষি, শিল্প ও জ্বালানি খাতে বিনিয়োগে জোর, টেকসই উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেছেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী।
সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত প্রায় তিন ঘণ্টাব্যাপী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি জানান, বৈঠকে দেশের কৃষি, শিল্প এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষি ও শিল্পের বিকাশ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষিভিত্তিক শিল্প সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।
চিনি শিল্পে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী উৎসাহ দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
ব্যবসায়ী প্রতিনিধি আরো বলেন, ফল উৎপাদন, পোল্ট্রি, মৎস্য খাত এবং বীজ (সিড) ব্যবস্থাপনাসহ কৃষি খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তাদের লক্ষ্য একটি সমন্বিত কৃষি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা।
তিনি বলেন, আমরা চাই বাংলাদেশে কৃষিতে একটি বিপ্লব ঘটুক। উৎপাদন বাড়ুক এবং ব্যবসায়িক পরিবেশ আরো সহজ ও গতিশীল হোক।
বৈঠকে কৃষি জোনিংয়ের বিষয়টিও উঠে আসে। কোন এলাকায় ধান, কোথায় ফল এবং কোথায় অন্যান্য শস্য উৎপাদন করা যায়—সে অনুযায়ী জোনভিত্তিক পরিকল্পনার প্রস্তাব দেয়া হয়েছে বলে তিনি জানান।
জ্বালানি সঙ্কট মোকাবেলায় সৌরবিদ্যুৎ (সোলার) ব্যবহারের ওপর গুরুত্ব দেয়া হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এবং বিনিয়োগ আরো উৎসাহিত করার কথা বলেছেন।
তিনি আরো জানান, সরকার ইতোমধ্যে সোলার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) খাতে কর সুবিধা দিয়েছে। পাশাপাশি যমুনা সেতু পারাপারে ইভি যানবাহনের জন্য টোল সুবিধা দেয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
বৈঠক শেষে আহসান খান চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি ও শিল্প খাতে বড় ধরনের উন্নয়ন সম্ভব হবে।



