রাজধানীর কাফরুলে মো: শহিদুল ইসলাম মিলন (১১) নামের এক শিশুকে অপহরণ করে হত্যার অভিযোগে করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ ছাড়া সাইফুল ইসলাম ওরফে ছোট সাইফুল নামে অপর এক আসামির ১৪ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আল আমিন ঘরামী (২৫) ও মাসুদ রানা (২৪)।
কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরো এক বছরের বিনাশ্রম কারাভোগ করতে হবে।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আব্দুল মোতালেব (৩৮) ও আমিরুল ইসলাম নামে দু’জনকে খালাস দেন ট্রাইব্যুনাল।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৮ সালের ৬ মার্চ বিকেলে কাফরুলের উত্তর সেনপাড়া এলাকা থেকে শিশু মিলন নিখোঁজ হয়।
পরে মুক্তিপণ না পেয়ে, অপহরণকারীরা তাকে শ্বাসরোধে হত্যা করে ৮ মার্চ সাভারের রামচন্দ্রপুর এলাকায় লাশটি ফেলে রাখে।
এ ঘটনায় শিশুটির বাবা শহিদুল ইসলাম মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০০৮ সালের ২৩ মে পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
মামলার বিচার চলাকালে নয়জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেন।



