রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত

তরুণ শিক্ষার্থীদের মাঝে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং তথ্যপ্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি ও মেধা বিকাশে স্কুল শিক্ষার্থীদের নিয়ে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ’ আয়োজন করেছে ‘টেক কার্নিভাল-২০২৬’।

রুয়েট প্রতিনিধি

Location :

Rajshahi
রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত |নয়া দিগন্ত

তরুণ শিক্ষার্থীদের মাঝে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং তথ্যপ্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি ও মেধা বিকাশে স্কুল শিক্ষার্থীদের নিয়ে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ’ আয়োজন করেছে ‘টেক কার্নিভাল-২০২৬’।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রশাসনিক ভবনের হলরুমে এই কার্নিভাল অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় রাজশাহী জেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার ৩৯টি টিম অংশ নেয়। এ প্রতিযোগিতায় ক্ষুদে শিক্ষার্থীরা নানা বিষয়ের ওপর তাদের উদ্ভাবিত রোবোটিক্স প্রজেক্টগুলো উপস্থাপন করেন। প্রতিযোগিতায় প্রথম তিনটি টিম নেপালে আয়োজিত এমন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

‎এর আগে সকাল ৯টা থেকে রুয়েটের প্রশাসনিক ভবনের হলরুমে ক্ষুদে শিক্ষার্থীরা তাদের রোবোটিক্স প্রজেক্ট নিয়ে উপস্থিত হয়। বিচারকমণ্ডলী তাদের প্রজেক্টগুলো পর্যবেক্ষণ করেন এবং প্রজেক্ট সম্পর্কে প্রশ্ন করেন। এ সময় ক্ষুদে শিক্ষার্থীরা তাদের প্রজেক্টের বিষয়ে খুঁটিনাটি বিস্তারিত তুলে ধরেন। প্রজেক্ট যাচাই-বাছাই শেষে দুপুর ৩টায় প্রত্যেক অংশগ্রহণকারী শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেয়া হয়।

‎প্রতিযোগিতায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে রুয়েট ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা কখনো হারি না; হয় আমরা জিতি, নয়তো শিখি।’

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার উদ্ধৃতি দিয়ে তিনি এই উপদেশমূলক বার্তা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন।

তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি যে বিষয়গুলো তোমাদের ভালো লাগে অর্থাৎ এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটির সাথে সম্পৃক্ত হও। তোমাদের যে লক্ষ, সেই লক্ষ অর্জনের জন্য এখন থেকেই চেষ্টা করলে অবশ্যই তোমরা সফল হবে। আগামীর নেতৃত্ব তোমাদের হাতে। নেতৃত্ব দেয়ার মতো দক্ষতা ও যোগ্যতা তোমাদের ভেতরে তৈরি করতে হবে। প্রশ্ন করতে শেখো। উদ্ভাবনশক্তির বিকাশ ঘটাতে গেলে প্রশ্ন করা শিখতে হবে। তোমাদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।

‎আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিনিয়র ইন্সট্রাক্টর শহিদা আফরিন বলেন, রাজশাহীতে আয়োজিত টেক কার্নিভালে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতায় তারা তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার দারুণ প্রকাশ ঘটায়। বিশেষ করে প্রজেক্ট প্রেজেন্টেশন পর্বে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নতুন কিছু করার আগ্রহ উপস্থিত সবাইকে মুগ্ধ করে। ছোটবেলা থেকেই শিশুদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও প্রযুক্তি বিষয়ে আগ্রহী করে তোলা সময়ের দাবি। এ ধরনের আয়োজন তাদের মেধা বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর বিশ্বে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎অনুষ্ঠানে আইসিটি মন্ত্রণালয়ের ডিইআইইডি’র প্রজেক্ট ডিরেক্টর মঞ্জুর শাহরিয়ার ও রুয়েট ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার, আমেরিকার কর্নার রাজশাহীর সিনিয়র কো-অর্ডিনেটর ফাহমিদা আক্তার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।