রাজধানীর দারুস সালাম থানার বর্ধনবাড়ী এলাকায় তিন মাসের ছেলেকে সৎ বাবা গলা টিপে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে মায়ের সামনে এ হত্যার ঘটনা ঘটে।
পুলিশ অপূর্ব নামের ওই সৎ বাবাকে গ্রেফতার করেছে। শিশুটির মা রাজিয়া খাতুন দারুস সালাম থানায় অপূর্বর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
দারুস সালাম থানার ওসি এস এম জাকারিয়া বলেন, অপূর্ব তার স্ত্রী ও ছেলে শিশুকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ভোরে শিশুটি মায়ের পাশে বিছানায় কান্নাকাটি করছিল। এ সময় অপূর্ব তার স্ত্রীকে কান্না না থামালে শিশুকে মেরে ফেলবেন বলে হুমকি দেন। শিশুর কান্না বন্ধ না হওয়ায় অপূর্ব তার মুখ চেপে ধরেন। পরে দম বন্ধ হয়ে শিশুটি মারা যায়।
এ সময় শিশুটির মা রাজিয়া খাতুনের চিৎকারে আশপাশের লোকজন এসে অপূর্বকে আটক করেন এবং তাকে থানায় সোপর্দ করেন।
অপূর্ব মাদকের মামলায় কারাগারে ছিলেন বলে জানান ওসি। এক সপ্তাহ আগে তিনি জামিনে মুক্তি পান। এরপর তিন মাসের শিশু সন্তানসহ রাজিয়াকে বিয়ে করেন।
শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



