চৌগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর-বারোবাজার সড়কে ইউছুফ আলী এবং দেবীপুর-নারায়ণপুর সড়কে আশরাফুল ইসলাম নিহত হন।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha

যশোরের চৌগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় ইউছুফ আলী (৯) নামে এক স্কুলছাত্র ও আশরাফুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর-বারোবাজার সড়কে ইউছুফ আলী এবং দেবীপুর-নারায়ণপুর সড়কে আশরাফুল ইসলাম নিহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বাড়ি থেকে শিশু ইউছুফ পরশমনি কিন্ডার গার্টেন স্কুলে যাচ্ছিল। এ সময় হাকিমপুর-বারোবাজার সড়কে হজরত আলীর মুদি দোকানের সামনে পৌঁছালে একটি ট্রাক (খুলনা মেট্রো-ট-১১-১৪৭১) তাকে চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

নিহত শিশু ইউসুফ হাকিমপুর গ্রামের আব্বাস আলীর (কালু) ছেলে ও হাকিমপুর পরশমনি কিন্ডার গার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

এদিকে, একই দিন বিকেলে দেবীপুর-নারায়ণপুর সড়কের ইটভাটা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকসিপুর গ্রামের মমিনুর রহমানের ছেলে। তিনি খুলনায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

দাদির মৃত্যুর খবরে তিনি খুলনা থেকে বাড়িতে আসার পথে দেবীপুর-নারায়ণপুর সড়কের ইটভাটা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ দুর্ঘটনা দু’টির সত্যতা নিশ্চিত করেছেন।