চট্টগ্রাম জেলা প্রশাসক

আমরা নিরপেক্ষ, কারো কোনো প্ররোচনায় আমরা কাজ করব না

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কেউ যাতে ছদ্মবেশে অপরাধ করতে না পারে সেব্যাপারে কাজ করতে হবে। শ্রমিকের আড়ালে বা ব্যবসার আড়ালে কেউ যাতে অপরাধ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Chattogram
মতবিনিময় সভা
মতবিনিময় সভা |নয়া দিগন্ত

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ‘যারা ২৪শের আন্দোলনে সেদিন জনরোষের আওতায় পড়েছিল, তারা সেদিন যে পেইনটা নিয়েছে, আমরা আমাদের ভবিষ্যতে সে পেইন, সে ধরনের কোনো চিত্র যেন না আসে। আমরা নিরপেক্ষ, আমরা কারো প্ররোচনায় কোনো কাজ করবো না। যে অপরাধ করবে সেই অপরাধী; সে ধারণা আমাদের মধ্যে পোষণ করতে হবে। যদি সেটি না করতে পারি তাহলে আমরা পবিত্র যে পোশাক পরেছি, সেটার প্রতি সদাচরণ হবে না।’

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে মিরসরাই উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পুলিশের উদ্দেশে চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন, ‘আইনের বাইরে কাউকে সুযোগ-সুবিধা দেয়ার সে অধিকার আমাদের নেই, কিন্তু আমি আপনাদের বলব, আপনার কাছে যারা আসবে, আপনি তাদের কথা দয়া করে শুনবেন এবং তাদেরকে পরামর্শ দিবেন। আপনার অবস্থান থেকে আপনি তাদেরকে সুপরামর্শ দিবেন। যাতে সে কোনোভাবে অন্য কোনো দালালের খপ্পরে না পড়ে। আমাদের যাদের কাছে সেবাপ্রার্থীরা আসে আমি তাদের অনুরোধ করব, আপনি তাদের কথা সমাধান করতে পারেন বা না পারেন আপনি তাদের সামনে ব্যস্ততার কোনো অজুহাত দাঁড় করাবেন না। ব্যস্ততার অজুহাত না দাঁড় করিয়ে তাদের কথা শুনবেন এবং আপনার যে জ্ঞানের পরিসর আছে আপনি তাদেরকে সে জায়গা থেকে তাদের পরামর্শ প্রদান করবেন।’

মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তার বিষয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কেউ যাতে ছদ্মবেশে অপরাধ করতে না পারে সেব্যাপারে কাজ করতে হবে। শ্রমিকের আড়ালে বা ব্যবসার আড়ালে কেউ যাতে অপরাধ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।’

উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তারের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা একই দিন মিরসরাই উপজেলা ভূমি অফিস, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ, মিরসরাই থানার কার্যক্রম পরিদর্শন করেন।

পরবর্তীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন তিনি।