ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুদিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি খোলা স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
নিহত নিশাত
নিহত নিশাত |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ায় চিপস কিনতে বের হয়ে নিখোঁজ হওয়া নিশাত (৬) নামে এক শিশুর বস্তাবন্দী লাশ দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি খোলা স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নিশাত ওই গ্রামের সৌদি প্রবাসী মো. আবু সাদেক মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নিশাত চিপস কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

দুই দিন পর শুক্রবার দুপুরে স্থানীয় এক যুবক মোরগ ধরতে গিয়ে বাড়ির অদূরে একটি বস্তার ভেতর শিশুটির লাশ দেখতে পান। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে পরনের কাপড় দেখে নিশাতকে শনাক্ত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশসহ ডিবি, র‍্যাব ও পিবিআই সদস্যরা কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।