মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে কোটালীপাড়ার যুবক নিহত

তার উদ্দেশ্য ছিল ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে থাকা স্ত্রী ও সন্তানের কাছে পৌঁছানো। দীর্ঘদিনের পারিবারিক বিচ্ছেদের অবসান ঘটিয়ে পরিবারের সাথে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখছিলেন রতিকান্ত।

রনী আহমেদ, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

Location :

Kotalipara
নিহতের লাশ, (নিচে সাইডে) নিহত রতিকান্ত জয়ধর
নিহতের লাশ, (নিচে সাইডে) নিহত রতিকান্ত জয়ধর |নয়া দিগন্ত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে গোপালগঞ্জের কোটালীপাড়ার যুবক রতিকান্ত জয়ধর (৫০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে এ ঘটনা ঘটে।

নিহত রতিকান্ত জয়ধর কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের প্লোটানা গ্রামের দেবেন জয়দারের জ্যেষ্ঠ ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জীবনের শেষ সম্বল নিজের বসতভিটা বিক্রি করে ভারতের উদ্দেশে সীমান্ত পাড়ি দেয়ার সিদ্ধান্ত নেন রতিকান্ত। তার উদ্দেশ্য ছিল ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে থাকা স্ত্রী ও সন্তানের কাছে পৌঁছানো। দীর্ঘদিনের পারিবারিক বিচ্ছেদের অবসান ঘটিয়ে পরিবারের সাথে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখছিলেন রতিকান্ত। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে বিএসএফের গুলিতে প্রাণ হারান রতিকান্ত জয়ধর। পরিবারের সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা অপূর্ণ‌ রেখেই নিভে গেল তার জীবন প্রদীপ। স্থানীয়রা এই মর্মান্তিক ঘটনার জন্য গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানা ওসির (তদন্ত) কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য আসেনি। যদি কোনো তথ্য আসে তাহলে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।