আনোয়ারায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু

দেশে সাম্প্রতিক সময়ে হাম-রুবেলার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার পাঁচ বছরের নিচের সব শিশুকে টিকার আওতায় আনতে এই বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Chattogram
হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি
হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হাম-রুবেলার বিস্তার রোধে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। উপজেলার ২৬৪টি অস্থায়ী ও একটি স্থায়ী কেন্দ্রে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ টিকা প্রদান করা হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে বৈরাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অস্থায়ী কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মহিন উদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দেবরাজ চক্রবর্তী, মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা: মুতাসির জাহিন, মেডিক্যাল অফিসার (এমসিএইচ) ডা: শাহেদা আক্তার, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) নূর বেগম, সাবেক স্বাস্থ্য পরিদর্শক মো: নজরুল ইসলাম ও ইপিআই কর্মসূচির এমটি মোহাম্মদ এনামসহ সংশ্লিষ্টরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আনোয়ারার ১১টি ইউনিয়নে একযোগে পরিচালিত এই ক্যাম্পেইনের আওতায় মোট ৩৬ হাজার ৯৯০ জন শিশুকে টিকা দেয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, দেশে সাম্প্রতিক সময়ে হাম-রুবেলার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার পাঁচ বছরের নিচের সব শিশুকে টিকার আওতায় আনতে এই বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। আনোয়ারায় শুরু হওয়া এ কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত চলবে।