জামায়াতের সাবেক আমির মকবুল আহমাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও কবর জিয়ারত

২০২১ সালের ১৩ এপ্রিল রাজধানীর ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মকবুল আহমাদ।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
মকবুল আহমাদের কবর জিয়ারত করেন জামায়াতের নেতারা
মকবুল আহমাদের কবর জিয়ারত করেন জামায়াতের নেতারা |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম মকবুল আহমাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও কবর জিয়ারত করেছেন দলীয় নেতাকর্মীরা।

শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদ আমিন বাড়ির পারিবারিক কবরস্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দলের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক এবং কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, সোনাগাজী উপজেলা আমির মাওলানা মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ এপ্রিল রাজধানীর ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মকবুল আহমাদ।

রাজনৈতিক জীবনে তিনি ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন এবং ১৯৮৬ ও ১৯৯১ সালে ফেনী-২ আসনের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এছাড়া দলীয় সাংগঠনিক সম্পাদক, সহকারী সেক্রেটারি জেনারেল ও নায়েবে আমিরসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তিনি জামায়াতে ইসলামীর তৃতীয় নির্বাচিত আমির ছিলেন। শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে ২০১০ সালের ২৯ জুন থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেন এবং ২০১৭ সালে নির্বাচিত আমির হন। পরে ২০১৯ সালে তার স্থলাভিষিক্ত হন ডা. শফিকুর রহমান।

ব্যক্তিগত জীবনে মকবুল আহমাদ শিক্ষকতা পেশার সাথে যুক্ত ছিলেন। তিনি ফেনী সেন্ট্রাল হাই স্কুল ও শরিষাদী হাই স্কুলে শিক্ষকতা করেন। পারিবারিক জীবনে তিনি তিন ছেলে ও দুই মেয়ের জনক।