মৎস্য সম্পদ উন্নয়নে কুমিল্লার গোমতী নদীতে ১০ হাজার কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন ইসলামিক বক্তা রফিক উল্লাহ আফসারী।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে কুমিল্লার দাউদকান্দি ব্রিজ সংলগ্ন গোমতী নদীতে তিনি মাছের পোনা অবমুক্ত করেন।
রফিক উল্লাহ আফসারী বলেন, ‘মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন ও মৎস্য সম্পদ উন্নয়নে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করে আসছি।’
তিনি আরো বলেন, ‘মাছে ভাতে বাঙালি কথাটির যথার্থতা এখন পাওয়া যায় না। মানুষের চাহিদা অনুযায়ী মাছের তীব্র সঙ্কট রয়েছে। আমাদের দেশের মানুষের আমিষ ঘাটতি পূরণে আমি সদকায়ে জারিয়াহ হিসেবে বিগত বছরের ন্যায় এবারো বিভিন্ন এলাকার নদীতে মাছের পোনা অবমুক্ত করছি।
এ সময় কুমিল্লা ছন্দু হোটেলের স্বত্ত্বাধিকারী হাজী ইকবাল আহমাদ, সমাজসেবক আবু ইউনুছ খান, মাওলানা জহিরুল ইসলাম, মো: সালেহ মুসা, মাজেদা বেগমসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



