ঝড়ের তাণ্ডবে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল

ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালে চালক সামনে রেললাইনের ওপর গাছ পড়ে থাকতে দেখে জরুরি ভিত্তিতে ট্রেন থামান।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
নয়া দিগন্ত

ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল।

বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল পুনরায় চালু হয়।

এর আগে, রাত সোয়া ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালে চালক সামনে রেললাইনের ওপর গাছ পড়ে থাকতে দেখে জরুরি ভিত্তিতে ট্রেন থামান। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও সাথে সাথে বন্ধ হয়ে যায় পুরো রুটে ট্রেন চলাচল।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। টানা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রেললাইনের ওপর পড়ে থাকা বড় গাছটি অপসারণ করা হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ‘যমুনা এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় এসে রেললাইনের ওপর গাছ পড়ে থাকতে দেখে চালক ট্রেন থামান। বিষয়টি জানার পর পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে গাছটি সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’