পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) জেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দলের মুখপাত্র রাশেদ প্রধানের একটি বক্তব্যকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে শহরের বকুলতলা এলাকায় জাগপার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। দলটির দাবি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, বিকেল ৫টার দিকে শহরের বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় পৌঁছালে উত্তেজিত কিছু নেতাকর্মী জাগপার জেলা কার্যালয়ে ভাঙচুর চালায়। এতে কার্যালয়ের টিনের সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয় এবং ভেতরের চেয়ার-টেবিলসহ বিভিন্ন সামগ্রী নষ্ট করা হয়। তবে কোনো নেতাকর্মীর ওপর শারীরিক হামলার অভিযোগ পাওয়া যায়নি।
জাগপার পঞ্চগড় জেলা সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী অভিযোগ করেন, ২০২৪ সালে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের অফিসে একই কায়দায় হামলা করেছে। আমরা মনে করেছিলাম, গণঅভ্যুত্থানের পরে বাক স্বাধীনতা ফিরে পাব। কিন্তু নব্য স্বৈরাচার বিএনপি আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। আজ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী আমাদের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ এবং বিচার দাবি করছি। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।
জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব বলেন, হামলায় কার্যালয়ের অবকাঠামো ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।



