হামের ভয়াবহ প্রাদুর্ভাব কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা, বাড়ছে হাসপাতালে ভর্তির চাপ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরো ২৬ শিশু ভর্তি হয়েছে। এতে বর্তমানে চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯১ জন।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে হাসপাতালের হাম মেডিক্যাল টিমের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা: মোহাম্মদ গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৭ মার্চ থেকে ১৭ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫৪১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরো ২৩ শিশু। এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছে ৪৩৭ জন। মোট মৃত্যু হয়েছে ১৩ শিশুর।
পরিস্থিতির অবনতি বিবেচনায় গুরুতর অসুস্থ দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ‘পরিস্থিতি সামাল দিতে তিনটি আলাদা মেডিক্যাল টিম গঠন করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছেন।’
স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে, সময়মতো টিকা না নেয়া ও সচেতনতার অভাবই হামের এ পুনরুত্থানের প্রধান কারণ। দ্রুত কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।



