সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেছেন, ‘মানুষ মানুষের জন্য তার জ্বলন্ত উদাহরণ ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশন। এ ফাউন্ডেশন সময়ে সময়ে নিঃস্বার্থ ভালোবাসা ও পারস্পরিক সহায়তার উদাহরণ সৃষ্টি করে আসছে। যখন কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীতে মানুষ অসহায় হয়ে পড়ে, তখন এ ফাউন্ডেশন ক্ষতিগ্রস্থ ও দুর্দশাগ্রস্ত মানুষের সেবায় এগিয়ে আসে। অসহায় প্রতিবেশীর বিপদে সহায়তার হাত বাড়িয়ে দেয়া—এগুলোই প্রমাণ করে যে মানুষ মানুষের জন্যই বেঁচে থাকে।’
তিনি আরো বলেন, ‘সমাজ ও দেশের প্রতি ভালোবাসার কারণে অনেকে নিজের আরাম-আয়েশ ত্যাগ করে অপরের জন্য কাজ করেন। নিঃস্বার্থ সেবা ও ভালোবাসার মাধ্যমে যখন একজন মানুষ অন্য মানুষের উপকারে আসে, সেটাই হলো 'মানুষ মানুষের জন্য' বাক্যের আসল জ্বলন্ত উদাহরণ।’
শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের পশ্চিম জামডহর (উত্তরবাড়ি)’র ব্যবস্থাপনায় ও ফরাজত আলী ফাউন্ডেশন আয়োজিত টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট মুরব্বী আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক রহমত আলী হেলালীর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পশ্চিম জামডহর চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা সাদিকুর রহমান (ছিদ্দিক)।
ইংল্যাণ্ড প্রবাসী দিলওয়াজ মালিক চৌধুরীর স্বাগত বক্তব্যে সূচিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২নম্বর বীরশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আব্দুস সাত্তার, ইসলামী যুব মজলিস সিলেট জেলা শাখার সহ সভাপতি খায়রুল ইসলাম, সেক্রেটারি সাদিকুর রহমান, ইউপি সদস্য আব্দুল জলিল, সঞ্জন বিশ্বাস, ফাউন্ডেশনের পরিচালক শরীফ মোহাম্মদ হুসেইন চৌধুরী তারেক, আব্দুস সামাদ চৌধুরী, ইত্তেশাম আহমদ চৌধুরী, ফরহাদ আহমদ চৌধুরী ও কামিল আহমদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার গরীব ও অসহায় ৩০টি পরিবারের মধ্যে টিনসহ নির্মাণ সামগ্রী প্রদান করা হয়।



