রাজশাহীতে আড়াই লাখ শিশুকে হামের টিকার আওতায় আনা হবে

তিনি আরো বলেন, ‘হাম রোগ প্রতিরোধে প্রায় ৭০ হাজার জনসচেতনামূলক লিফলেট প্রস্তুত করে বাড়ি বাড়ি বিতরণ করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশন নাগরিকদের প্রয়োজনে সব সময় পাশে আছে।’

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
ছবি : নয়া দিগন্ত

সারাদেশের মতো রাজশাহীতেও হামের প্রাদুর্ভাব মোকাবেলায় শিশুদের হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে নগরীর দড়িখরবোনা এলাকায় নগর স্বাস্থ্যকেন্দ্রে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার হাম-রুবেলা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে সোমবার থেকে সারাদেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১৪ কর্মদিবসে রাজশাহী মহানগরীতে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ শিশুকে ও স্কুল পর্যায়ে আট হাজার ৫২১ শিশুসহ সর্বমোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সকল শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় টিকা দেয়া হচ্ছে। নগরীর ২৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ১৮০টি কেন্দ্র ও ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ১৮টি স্থায়ী কেন্দ্রসহ মোট ৪৩৮টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে দু’জন টিকাদানকারী ও তিনজন স্বেচ্ছাসেবী ও স্থায়ী কেন্দ্রে একজন টিকাদানকারী ও একজন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছে। আশা করছি সকলের সহযোগিতায় আমরা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন করতে পারবো।’

শিশুদের অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, ‘আপনাদের সন্তানদের টিকাকেন্দ্রে নিয়ে আসুন। একটি টিকা আপনার শিশুর সুস্থ ভবিষ্যতের নিশ্চিয়তা দিতে পারে। শিশুদের মধ্যে কোনো হাম-রুবেলা রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থকেন্দ্রে নিয়ে যান ও চিকিৎসকের পরামর্শ নিন।’

তিনি আরো বলেন, ‘হাম রোগ প্রতিরোধে প্রায় ৭০ হাজার জনসচেতনামূলক লিফলেট প্রস্তুত করে বাড়ি বাড়ি বিতরণ করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশন নাগরিকদের প্রয়োজনে সব সময় পাশে আছে।’

এ ছাড়া রাজশাহীর নয়টি উপজেলায় দুই লাখ এক হাজার ৯৭৬ শিশুকে হামের টিকার আওতার আনতে কার্যক্রম শুরু করেছে সিভিল সার্জন অফিস। এরমধ্যে কমিউনিটি পর্যায়ে এক লাখ ৮৮ হাজার ৩৭৯ জন এবং স্কুল পর্যায়ে ১৩ হাজার ৫৯৭ জন শিশুকে টিকাদানের লক্ষ্য ঠিক করা হয়েছে।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম, সচিব মো: সোহেল রানা, রাজশাহী জেলা সিভিল সার্জন ডা: এস আই এম রাজিউল করিম, রাসিকের ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও আরএমপির উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের পরিচালক ড. কুস্তরী আমিনা কুইন, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফ এ এম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।