রংপুরে জমির বিরোধে চাচাতো বোনকে কুপিয়ে হত্যা, মা-মেয়ে গ্রেফতার

গ্রেফতারকৃতরা হলেন—আবুল কাশেম মিয়ার স্ত্রী মমেনা বেগম (৬৩) ও তার মেয়ে সাহেনা বেগম (৩৫)।

Location :

Pirgachha
পীরগাছায় হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার মা ও মেয়ে
পীরগাছায় হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার মা ও মেয়ে |সংগৃহীত

রংপুর ব্যুরো
রংপুরের পীরগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় রোকেয়া বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার ছাওলা ইউনিয়নের কিসামত ছাওলা পূর্বপাড়া গ্রামে। এ ঘটনায় এক নারী ও তার মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—আবুল কাশেম মিয়ার স্ত্রী মমেনা বেগম (৬৩) ও তার মেয়ে সাহেনা বেগম (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মৃত সুরুত আলীর ছেলে কোব্বাত আলী (৫৬) এবং তার বড় চাচা আবুল কাশেম (৭৫) ও চাচাতো ভাই মমিনুল ইসলামের (৫৪) মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে মামলা-মোকদ্দমাও হয়; কোব্বাত আলী তিন দিন আগে জামিনে মুক্ত হন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় জমি ও মামলা সংক্রান্ত বিষয় নিয়ে রোকেয়া বেগমের সাথে মমিনুল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মমিনুল ইসলাম, তার মা মমেনা বেগমসহ পরিবারের সদস্যরা লাঠি ও ধারালো অস্ত্র (হাসুয়া) দিয়ে রোকেয়ার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি হত্যা মামলা দায়ের হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া ও ব্যাট উদ্ধার করেছে পুলিশ।

নিহতের ভাই কোব্বাত আলী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছিল এবং প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তার বোনকে হত্যা করেছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।