কুমিল্লার চান্দিনায় মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও মাতৃভূমি মডেল গার্লস স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে প্রতিষ্ঠানটির মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাতৃভূমি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মো: আখতার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত পড়াশোনার পাশাপাশি মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস অত্যন্ত প্রয়োজন।’
শিক্ষার্থীদের উদ্দেশে দোয়া ও শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘কঠোর পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা মেনে চললে অবশ্যই কৃতকার্য হবে।’
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘এ সময়ে সন্তানদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে। অপ্রয়োজনীয় চাপ না দিয়ে তাদের মানসিকভাবে সহায়তা করা জরুরি। একটি সুন্দর পরিবেশই শিক্ষার্থীদের ভালো ফলাফলের ভিত্তি তৈরি করে।’
প্রতিষ্ঠানের মূল ক্যাম্পাসের প্রিন্সিপাল আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন ভাইস প্রিন্সিপাল মো: মোতালিব হোসেন ও মো: তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্ণমালা আইডিয়াল স্কুলের পরিচালক মোস্তাফিজুর রহমান, অভিভাবক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো: আনোয়ার হোসেন, গার্লস ক্যাম্পাসের প্রিন্সিপাল কে এম এ কে মহিউদ্দিন এবং প্রশাসনিক কর্মকর্তা মো: রেদোয়ান আহমেদ।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময় ব্যবস্থাপনা এবং পরীক্ষায় আত্মবিশ্বাস ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টাই ভালো ফলাফল অর্জনে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বলা হয়, এমন আয়োজন তাদের মানসিকভাবে সাহস জোগায় এবং পরীক্ষার আগে আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।
অনুষ্ঠানের শেষপর্বে মাতৃভূমি মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো: জাহাঙ্গীর আলম মিলাদ ও দোয়া পরিচালনা করেন। এতে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন। দোয়া অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদেরকে ক্রেস্ট দেয়া হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে দেশ, জাতি ও এসএসসি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করা হয়।



