পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার সমাধানসহ স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বৃহস্পতিবার সকালে বান্দরবানের সুয়ালক এলাকায় ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ভূমি সমস্যার পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, নিরাপদ পানি এবং সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরো উল্লেখ করেন, অতীতে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হয়েছিল এবং বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে।
পরে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন এবং স্থানীয় মারমা সম্প্রদায়ের জনকল্যাণমূলক উৎসবে অংশগ্রহণ করেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমদ, জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো: আবদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



