পিরোজপুরের কাউখালীতে জাটকা সংরক্ষণ অভিযানে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার চিড়াপাড়া নদী ও নদীর পাশে বিভিন্ন খালে এই অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আসাদুজ্জামানের নির্দেশনায় উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান ও নৌ-পুলিশের উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে ১২টি অবৈধ চরগড়া জাল উদ্ধার করা হয়। এছাড়া অভিযান শেষে উদ্ধার করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানা গেছে।
মৎস্য বিভাগ ধারণা করছে, উদ্ধার করা ১৫ হাজার মিটার জালের আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।
এদিকে অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাটকা রক্ষায় জেলে পাড়াগুলোতে সচেতনতামূলক সভা এবং নদীতে নিয়মিত টহল অব্যাহত থাকবে।
কাউখালী উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান বলেন, জাটকা রক্ষায় আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় নদ-নদী ও খালে কোনোভাবেই অবৈধ জাল ব্যবহার করতে দেয়া হবে না। যারা আইন অমান্য করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।



