নীলফামারীর সৈয়দপুরে জুমার নামাজের সময় নামাজরত অবস্থায় আসলাম (৫৬) নামের এক মুসল্লীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১টা ৫ মিনিটে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত আসলাম সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া এলাকার জব্বার পান দোকানের সামনে তাসলিম গলি নিবাসী মরহুম লাল মোহাম্মদের চতুর্থ ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুমার বয়ান চলার সময় নামাজরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আসলাম এবং মসজিদের ভেতরেই ঢলে পড়েন। তাৎক্ষণিকভাবে পাশে থাকা মুসল্লিরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই মৃত্যুর খবরে এলাকায় গভীর শোক বিরাজ করছে এবং সর্বস্তরের মানুষ তার রূহের মাগফিরাত কামনা করেছেন। যেন আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দান করেন।
অনেকেই জানান, আসলাম ছিলেন একজন ধর্মপ্রাণ ও বিনয়ী মানুষ। পেশায় একজন ঝালবুট ও মুড়ি বিক্রেতা। পবিত্র জুমার দিনে মসজিদের মতো পবিত্র স্থানে নামাজরত অবস্থায় তার মৃত্যুকে আল্লাহর অশেষ করুণা মনে করছেন। তারা বলেন, মৃত্যু অবধারিত, তবে এমন পবিত্র সময়ে ও পবিত্র অবস্থায় বিদায় নেয়া নিঃসন্দেহে সৌভাগ্যের বিষয়।
মরহুমের জানাজা আজ বাদ এশা সৈয়দপুর কেন্দ্রীয় জামে মসজিদে আদায় করা হবে এবং তাকে হাতিখানা কবরস্থানে দাফন করা হবে।



