ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ ও তার নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বাদ জুম্মা তারাকান্দা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা সদরে জড়ো হন। পরে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের অনুসারীরা পহেলা বৈশাখের অনুষ্ঠানে সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহর ওপর হামলা চালায়। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরো বলেন, জনপ্রতিনিধির ওপর এমন হামলা শুধু ব্যক্তি বিশেষের ওপর আঘাত নয়, বরং গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাত। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনকে কঠোর ভূমিকা নেয়ার আহ্বান জানান তারা।
মিছিল ও সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, ছাত্র-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পুরো কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ করা যায়, তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, পহেলা বৈশাখের অনুষ্ঠানে সংঘটিত ওই হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।



