নোয়াখালীর সুবর্ণচরে কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে ব্রিক ফিল্ডে মাটি বিক্রির অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, প্রতিনিয়ত রাতের আঁধারে বেকো মেশিন দিয়ে জমি কেটে ট্রাক ও পিকআপে মাটি ভর্তি করে ব্রিক ফিল্ডে নিয়ে যাওয়া হচ্ছে।
উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের চর বজলুল করিম গ্রামে প্রভাবশালী একটি দলের লোকজন এভাবে মাটি উত্তোলন করছে বলে জানা গেছে।
সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে একটি বেকো মেশিন জব্দ ও চাবি আটক করেন। তবে পরবর্তীকালে আবারো মাটি কাটার কাজ শুরু হয়।
অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী নেতা মোজাম্মেল মালিকানা দাবি করে কৃষি জমি নষ্ট করে অবাধে মাটি বিক্রি করছেন। জমির প্রকৃত মালিক মো: নুরুল ইসলাম এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দিলেও মাটি কাটা বন্ধ হয়নি।
চর জব্বর থানার পুলিশ মাঝে মধ্যে ঘটনাস্থলে গেলেও কার্যক্রম থামছে না।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো: আরিফ হোসেন জানিয়েছেন, কৃষি জমি নষ্ট করে মাটি কাটার ঘটনায় মামলা করার সিদ্ধান্ত হয়েছে। তিনি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন মামলা দায়েরের জন্য।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, মাটি কাটা বন্ধে থানাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামও জানিয়েছেন, কৃষি জমি নষ্ট হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এখন স্থানীয় এলাকাবাসীর মধ্যে প্রশ্ন উঠছে মোজাম্মেল নামের এ নেতার খুঁটির জোর কোথায়? তিনি প্রশাসনকে বৃদ্ধ আঙুল প্রদর্শন করে মাটি কেটে নিচ্ছেন।



