মানিকগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, গণপিটুনিতে নিহত ২

বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে হাত-পা বাধা অবস্থায় আতিকার নিথর দেহ দেখতে পান স্থানীয়রা।

মো: শাহানুর ইসলাম, মানিকগঞ্জ

Location :

Manikganj
মৃত আতিকা
মৃত আতিকা |নয়া দিগন্ত

মানিকগঞ্জ সদর উপজেলায় আতিকা (৮) নামে এক নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। এ ঘটনায় জড়িত সন্দেহে পান্নু মিয়া (৩৫) ও ফজলু মিয়া (২৮) নামে দু’জন গণপিটুনিতে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে হাটিপাড়া ইউনিয়নের বনপারিল কান্দুরপার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেয়া হয় এবং এলাকায় মাইকিং করে খোঁজ করা হয়। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে হাত-পা বাধা অবস্থায় আতিকার নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণের দুল ও গলার চেইন লুটের উদ্দেশে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা বাবা-ছেলেসহ তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ব্যাটারিচালিত অটোরিকশাচালক পান্নু মিয়া ও তার ভাই ফজলু নিহত হন। গুরুতর আহত অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুলকে (২০) হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইকরাম হোসেন বলেন, ‘শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। একইসাথে গণধোলাইয়ের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’