মানিকগঞ্জের হরিরামপুরে সনাতন ধর্মাবলম্বীদের শ্মশানঘাট থেকে মাথার খুলি চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ধূলশুড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে রাজেশ বিশ্বাস (৩৪), বাবুরহাটি গ্রামের সুশীল সরকারের ছেলে শিশির সরকার (২১) এবং একই গ্রামের প্রতিত বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস (২২)।
থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ধূলশুড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের শ্মশানঘাট থেকে খুলি চুরি হয়। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ খুলি চুরির দায়ে শ্মশানের সভাপতি দ্বিজেন হালদার বাদি হয়ে বুধবার হরিরামপুর থানায় গ্রেফতারকৃত তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। ওই দিন বিকেলেই বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
বোয়ালিয়া হালদারপাড়া শ্মশানের সভাপতি ও ধূলশুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দ্বিজেন হালদার বলেন, ‘আমি বিষয়টি জানার পর থানা কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং তারা দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিদের গ্রেফতার করেছে।’
এ বিষয়ে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ আফজাল হোসেন বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ শ্মশানঘাট থেকে খুলি চুরির অভিযোগে মামলা করেন শ্মশানঘাটের সভাপতি। সেই মামলায় তাদের গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।’



