সংস্কার শেষে পুনরায় চালু হলো আশুগঞ্জ পাবলিক লাইব্রেরি

তিনি তরুণদের লাইব্রেরিমুখী করতে নিয়মিত বই পড়া প্রতিযোগিতা, পাঠচক্র, আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
ছবি : নয়া দিগন্ত

সংস্কার ও আধুনিকায়ন শেষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাবলিক লাইব্রেরির কার্যক্রম আবারো শুরু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মো: আবু সাঈদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাইব্রেরির উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আশুগঞ্জ কাচারি জামে মসজিদের খতিব মুফতি মোশাররফ হোসাইন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মো: আবু সাঈদ বলেন, ‘বই মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে।’

তিনি বলেন, ‘পাবলিক লাইব্রেরিকে কেবল বইয়ের ভাণ্ডার হিসেবে নয়; বরং জ্ঞানচর্চার প্রাণকেন্দ্রে পরিণত করতে হবে।’

তিনি তরুণদের লাইব্রেরিমুখী করতে নিয়মিত বই পড়া প্রতিযোগিতা, পাঠচক্র, আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক বলেন, ‘দীর্ঘদিন লাইব্রেরিটি বন্ধ থাকায় জ্ঞানপিপাসু মানুষ বঞ্চিত ছিল। পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী, গবেষক ও সাধারণ পাঠকরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করছি।’

একইসাথে এ উদ্যোগ বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়ার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুল আলম চৌধুরী, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো: শাহজাহান সিরাজ, দৈনিক নয়া দিগন্তের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হক, লাইব্রেরির প্রতিষ্ঠাতা সদস্য জায়েদুল হক জাবেদ মুন্সী, শরীফুল ইসলাম মিলন প্রমুখ।