হামের উপসর্গে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রোগীর চাপ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৩ শিশু ভর্তি হয়েছে। এতে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। একই সময়ে অবস্থার অবনতি হওয়ায় দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে হাসপাতালের হাম মেডিক্যাল টিমের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা: মো: গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৭ মার্চ থেকে ১৬ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ৫১৫ শিশু ভর্তি হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ৩১ শিশু হাসপাতাল ছেড়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪১৪ শিশু ছাড়পত্র পেয়েছে।
এদিকে, চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মোট ১৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ‘হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনটি মেডিক্যাল টিম গঠন করে আইসোলেশন ওয়ার্ডে সার্বক্ষণিক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ আন্তরিকতা ও সতর্কতার সাথে রোগীদের সেবা দিচ্ছেন।’



