কুমিল্লায় কৃষি কার্ড বিতরণ করলেন কৃষিমন্ত্রী

আমিন উর রশীদ ইয়াছিন বলেন, ‘বিএনপির ৩১ দফার অন্যতম প্রতিশ্রুতি ছিল কৃষি কার্ড দেয়া। তখন এ উদ্যোগ নিয়ে সমালোচনা হলেও সরকার গঠনের পর দ্রুতই ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে।’

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন
কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন |নয়া দিগন্ত

কুমিল্লায় এক হাজার ৪৫৮ জন কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার এলাকায় এ কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আমিন উর রশীদ ইয়াছিন বলেন, ‘বিএনপির ৩১ দফার অন্যতম প্রতিশ্রুতি ছিল কৃষি কার্ড দেয়া। তখন এ উদ্যোগ নিয়ে সমালোচনা হলেও সরকার গঠনের পর দ্রুতই ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে। ভোটের কালি শুকানোর আগেই সরকার তার অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে।’

তিনি আরো বলেন, ‘কৃষি খাতে উৎপাদন ব্যয় কমাতে ডিপটিউবওয়েল ও শ্যালো মেশিনে সোলার সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য কৃষকদের ভর্তুকি দেয়া হবে, এতে অর্ধেক খরচে সোলার সুবিধা পাবেন তারা।’

কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষকদের সেচ খরচ কমাতে ধাপে ধাপে সোলার সিস্টেমে রূপান্তর করা হবে। এতে জ্বালানি নির্ভরতা কমবে এবং কৃষি উৎপাদন আরো লাভজনক হবে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহাম্মদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান।