দীর্ঘ ৫০ বছর পর পুনঃখনন হতে যাচ্ছে জিয়া খাল। ২৭ এপ্রিল যশোরের শার্শা উপজেলার উলাশী জিয়া খাল পুনঃখননের উদ্বোধন করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান।
তার এই আগমন ও উদ্বোধন উপলক্ষে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উলাশী এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আল ফরহাদ হোসেন আজাদ। এ সময় স্থানীয়দের সাথে কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এ কে এম শাহাবুদ্দিন, যশোর জেলা প্রশাসক (ডিসি) আশোক হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনসহ প্রশাসন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে এবং উদ্বোধনের অপেক্ষায় খুশিতে পথ চেয়ে বসে আছেন যশোরের শার্শার দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণ।



