বগুড়ায় সিয়াম (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার জেরে আরো দু’জন ছুরিকাঘাতে আহত হয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে শহরের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম শহরতলীর ফুলতলা এলাকার সাদিকুল ইসলামের ছেলে।
আহতরা হলেন— একই এলাকার তুহিন (১৬) ও তুর্য (২২)। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শুক্রবার বিকেলে সিয়াম বন্ধুদের সাথে আড্ডা দেয়ার সময় কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিয়ামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এর জেরে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তুহিন ও তুর্য ছুরিকাঘাতে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।



