কুষ্টিয়ায় শ্রমিকদের দাবী না মানায় বাস চলাচল বন্ধ

শ্রমিকদের দাবির কোনো ন্যায্যতা নেই। মালিক ও শ্রমিকদের মধ্যে বিভাজন তৈরি হবে এমন দাবী মেনে নেয়া সম্ভব নয়। তবে ঢাকাগামী বাস চলাচল অব্যাহত রয়েছে।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
কুষ্টিয়ার ম্যাপ
কুষ্টিয়ার ম্যাপ |নয়া দিগন্ত

শ্রমিকদের দাবি পূরণ না হওয়ায় কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে মালিক গ্রুপ ও মালিক সমিতির বাস চলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগ চরমে উঠেছে। তবে ঢাকাগামী বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

ফলে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর, কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-ফরিদপুর-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয়।

কুষ্টিয়া জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক জানান, মালিক গ্রুপের সাথে বৈঠকে শ্রমিকদের দু’টি দাবি উত্থাপন করা হয়।

প্রথমত, পরিবহন সংশ্লিষ্ট মালিকেরা যেসব সুযোগ-সুবিধা পান শ্রমিকদেরও তা দিতে হবে।

দ্বিতীয়ত, শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া-খুলনা রুটে অনিয়মিত চলাচল করে, সেটিকে নিয়মিত করার অনুমোদন দিতে হবে। দাবিগুলো মানা না হওয়ায় শুক্রবার থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কাজী রফিকুর রহমান রফিক বলেন, শ্রমিকদের দাবির কোনো ন্যায্যতা নেই। মালিক ও শ্রমিকদের মধ্যে বিভাজন তৈরি হবে এমন দাবী মেনে নেয়া সম্ভব নয়। তবে ঢাকাগামী বাস চলাচল অব্যাহত রয়েছে।

আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেককে বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। আবার অনেককে বিকল্প ট্রেন অথবা সিএনজি,অটোতে করে যেতে দেখা গেছে।