রংপুরে ভাইয়ের হাতে চাচাতো বোন খুন

রংপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের বিরুদ্ধে চাচাতো বোন রোকেয়া বেগমকে (৪০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরের ম্যাপ
রংপুরের ম্যাপ |ফাইল ছবি

রংপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের বিরুদ্ধে চাচাতো বোন রোকেয়া বেগমকে (৪০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় পীরগাছার ছাওলা ইউনিয়নের কিসামত ছাওলা পূর্বপাড়া গ্রাম এ ঘটনা ঘটে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল জানান, দীর্ঘদিন থেকে ওই এলাকার মরহুম সুরুত আলীর ছেলে কোব্বাত আলীর (৫৬) সাথে বড় চাচা আবুল কাশেম (৭৫) ও চাচাতো ভাই মমিনুলের (৫৪) জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে মামলা হলে কোব্বাত তিনদিন আগে জামিনে বের হয়ে আসেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মমিনুলের সাথে জমি ও মামলা নিয়ে কোব্বাতের বোন রোকেয়া বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মমিনুল ও তার মা মমেনা বেগমসহ পরিবারের লোকজন লাঠি ও হাসুয়া দিয়ে রোকেয়ার শরীরের বিভিন্ন অংশে কোপায়। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হলে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রোকেয়ার চাচী মোমেনাকে গ্রেফতার করা হয়েছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। হাসুয়া ও ব্যাটও উদ্ধার করেছে পুলিশ।

রোকেয়ার ভাই কোব্বাত বলেন, ‘দীর্ঘদিন যাবৎ আমাদের বাড়ির ভিটার জমি নিয়ে বড় চাচা আবুল কাশেম ও চাচাতো মমিনুল ইসলামের সাথে বিরোধ চলছিল। আমার বাবা মারা যাওয়ায় তারা আমার নামে মিথ্যা মামলা দিয়ে জেল খাটায়। শুধু তাই নয়, তারা আমার বোনকে কুপিয়ে হত্যা করে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।’