মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত অন্য একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দিলে ড্রাইভারসহ পাঁচজন আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের পদ্মা সেতুর উত্তর থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাসচালক সাগর (৩৫), সুপারভাইজার সাজেদুল ইসলাম (২৭), চালকের সহকারী রাব্বি (২০), মো: রাব্বি হোসেন (২১), যাত্রী শিহাব (২০)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পুর্বাসা পরিবহনের মাওয়ামুখী একটি বাস বেপরোয়া গতিতে চালিয়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অজ্ঞাত গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় বাসটির সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হলে চালক বাসের স্টিয়ারিংয়ের সাথে আটকা পড়ে এবং ড্রাইভারসহ পাঁচজন আহত হন। একপর্যায়ে সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দু'টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে আটকা পড়া ড্রাইভারকে উদ্ধার করে এবং আহতদেরকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ নয়া দিগন্তকে জানান, অজ্ঞাত কোনো ট্রাক অথবা কার্ভাডভ্যানের পেছনে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো তা শনাক্ত করা যায়নি।



