ঢাকায় গরমের অস্বস্তি, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকার আকাশ প্রধানত আংশিক মেঘলা থাকতে পারে। তবে মেঘের উপস্থিতি থাকলেও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।

নয়া দিগন্ত অনলাইন
তীব্র রোদে রিকশাচালকের ক্লান্ত পথচলা
তীব্র রোদে রিকশাচালকের ক্লান্ত পথচলা |সংগৃহীত

রাজধানী ঢাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তীব্র গরম ও প্রখর রোদে জনজীবন মারাত্মক অস্বস্তিতে পড়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সোমবারও গরমের তীব্রতা কমছে না, অপরিবর্তিত থাকতে পারে ঢাকার তাপমাত্রা। বাতাসে আর্দ্রতার আধিক্যের কারণে অস্বস্তি আরো বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকার আকাশ প্রধানত আংশিক মেঘলা থাকতে পারে। তবে মেঘের উপস্থিতি থাকলেও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।

আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।

অন্যদিকে রোববার রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

একইসাথে ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।