৪ জুন থেকে বাড়বে বৃষ্টি, কমবে তাপমাত্রা

৪ জুন থেকে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫০ থেকে ৭৫ শতাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ২৫ থেকে ৫০ শতাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
বৃষ্টিতে ভিজে চলেছে নগরজীবন
বৃষ্টিতে ভিজে চলেছে নগরজীবন |সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ আগামী ৩ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে ৪ জুন থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রাও কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সোমবার রাত সাড়ে ৯টায় অধিদফতরের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত চার দিনের পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ ৩ জুন পর্যন্ত চলতে পারে।

মঙ্গলবার (২ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২৬ থেকে ৫০ শতাংশ এলাকায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ১ থেকে ২৫ শতাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৪ জুন থেকে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫০ থেকে ৭৫ শতাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ২৫ থেকে ৫০ শতাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

৫ জুন থেকে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের ৫০ থেকে ৭৫ শতাংশ এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের ২৫ থেকে ৫০ শতাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময়ে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং তাপমাত্রা কিছুটা কমে আসবে। দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৩ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।