রাজধানীতে টানা বর্ষণ, দিনভর মেঘলা আকাশ

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃষ্টির কারণে তাপমাত্রা কমে গেছে এবং দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
রাজধানীতে টানা বর্ষণ, দিনভর মেঘলা আকাশ
রাজধানীতে টানা বর্ষণ, দিনভর মেঘলা আকাশ |সংগৃহীত

রাজধানী ঢাকায় শুক্রবার ভোর থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি নগরবাসীর জন্য নিয়ে এসেছে দুর্ভোগ। ভোর ৫টা থেকে টানা দুই ঘণ্টা অঝোর ধারার বৃষ্টিতে সকাল ৭টার মধ্যে শহরের বহু সড়ক ও অলিগলি হাঁটুসমান পানিতে ডুবে যায়। এতে কর্মজীবী মানুষ থেকে শুরু করে বাজারে যাওয়া সাধারণ নাগরিক সবাই পড়েন বিপাকে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃষ্টির কারণে তাপমাত্রা কমে গেছে এবং দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এদিন কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডি, মিরপুর, মগবাজার, মৌচাক ও মালিবাগসহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই সড়কে জলাবদ্ধতা দেখা গেছে।

মৌচাক মোড়ে সকাল সাড়ে ৬টায় দেখা গেছে, কর্মজীবীরা হাঁটুসমান পানি মাড়িয়ে কর্মস্থলে যাচ্ছেন।

এক কর্মজীবী জানান, বাসা থেকে বের হয়েই গলির সড়কে পানি জমে থাকতে দেখে মূল সড়কে উঠেছেন। চারপাশে পানি থৈ থৈ করছে, অথচ সময়মতো অফিসে পৌঁছাতে হবে।

তিনি বলেন, ‘পানিতে যে পরিমাণ ময়লা তা অত্যন্ত অস্বাস্থ্যকর।’

অন্যদিকে, জলাবদ্ধতার কারণে অনেক বাসিন্দার গেট পর্যন্ত পানি উঠে গেছে। মে দিবসের ছুটির কারণে সড়কে বাসের সংখ্যা ছিল কম। ফলে অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, আবার রিকশা পাওয়া গেলেও ভাড়া ছিল বেশি।

শুক্রবারের ছুটির দিনে যানবাহনের সংখ্যা কম থাকায় কর্মজীবী মানুষকে বিভিন্ন স্টপেজে কাকভেজা অবস্থায় বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। কেউ কেউ বিকল্প যানবাহনের আশ্রয় নেন।

এদিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বেশ কিছু জেলার নদীতে পানি বাড়ছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ ঢাকা ও ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিনে সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।