বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত দেশের চারটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া অভ্যন্তরীণ নদীবন্দর পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে প্রবল দমকা হাওয়া বইতে পারে। এরসাথে বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌ-যানগুলোকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
অন্যদিকে গতকাল শুক্রবার রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু’একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।



