নারী হকিতে ইতিহাস, প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ

সেমিফাইনাল নিশ্চিতের জন্য বাংলাদেশের দরকার ছিল ড্র। তবে ড্র নয়, জিতেই সেমিফাইনালে খেলতে যাচ্ছে তারা। সেই সাথে সেরা চার দলের একটি হয়ে নিশ্চিত করেছে মূলপর্বও।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

প্রথমবারের মতো এশিয়ান গেমসের বাছাইপর্ব খেলতে নেমেই বাজিমাত বাংলাদেশের মেয়েদের। গড়েছে ইতিহাস। টানা দুই জয়ে নিশ্চিত করেছে মূল পর্বের টিকিট।

রোববার (২৬ এপ্রিল) জাকার্তায় গেমসের বাছাই পর্বে বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে হংকংকে ২-১ গোলে হারিয়ে এশিয়ার সবচয়ে বড় ক্রীড়া আসরে খেলার টিকিট নিশ্চিত করেছে।

সেই সাথে গ্রুপ পর্বের তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নিশ্চিত করেছে বাছাইপর্বের সেমিফাইনাল। সম্ভাবনা আছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ারও।

সেমিফাইনাল নিশ্চিতের জন্য বাংলাদেশের দরকার ছিল ড্র। তবে ড্র নয়, জিতেই সেমিফাইনালে খেলতে যাচ্ছে তারা। সেই সাথে সেরা চার দলের একটি হয়ে নিশ্চিত করেছে মূলপর্বও।

অবশ্য এই ম্যাচের শুরুতেই লিড নেয় হংকং। প্রথম মিনিটেই গোল দিয়ে বসে তারা। তবে এর ১০ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। দলকে ম্যাচে ফেরান নাদিরা এমা।

দ্বিতীয় কোয়ার্টারে দুই দলের কেউ গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারে কনার গোলে লিড নেয় বাংলাদেশ। ৩৯ মিনিটে গোল করেন কনা আক্তার। স্কোর হয় ২-১।

লিড নিয়ে বাকি সময় দুর্দান্ত খেলা উপহার দেয় বাংলাদেশ। গোলের দুইটা ভালো সুযোগ নষ্টও হয়েছে এই সময়। শেষ পর্যন্ত ব্যবধান ধরে ইতিহাস গড়ে লাল-সবুজের মেয়েরা।

চলতি বছরের সেপ্টেম্বর–অক্টোবরে জাপানে হবে এশিয়ান গেমসের ২০তম আসর। যেখানে এই প্রথম বাংলাদেশ পুরুষ হকি দলের পাশাপাশি নারী হকি দলও অংশ নেবে।