দেশে পৌঁছেছে অনূর্ধ্ব-২০ ফুটবল সাফজয়ী দল। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় শিরোপা বগলদাবা করে নিয়ে দেশে ফেরেন চ্যাম্পিয়ন দলের সদস্যরা। বিমানবন্দরে তাদের দেয়া হয়ে হয়েছে অভ্যর্থনা।
শুক্রবার সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে বাংলাদেশ। টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে জয় পায় লাল-সবুজের দল।
শিরোপা জয়ের এক দিন পর আজ ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফিরেছে দল। সন্ধ্যা ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিমান।
যেখানে শিরোপাজয়ীদের স্বাগত জানান ফেডারেশন ও সমর্থকরা। এছাড়া ফুল দিয়ে তাদের বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এরপর অপেক্ষমাণ ছাদখোলা বাসে চড়ানো হয় চ্যাম্পিয়নদের। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে যুবাদের একটি বিশেষ ছাদখোলা বাসে করে হাতিরঝিলে নিয়ে যাওয়া হচ্ছে।
সেখানে তাদের বিশেষ সংবর্ধনা দেয়া হবে।



