বিশ্বকাপের আগে সমর্থকদের স্বস্তিতেই রাখছেন লিওনেল মেসি। গোলের মাঝেই আছেন এই আর্জেন্টিনাইন মহাতারকা। আগের দুই ম্যাচে একটি করে গোল করলেও এবার তার পা থেকে এসেছে জোড়া গোল।
বৃহস্পতিবার (১৪ মে) টিকিউএল স্টেডিয়ামে স্বাগতিক সিনসিনাটিকে ৫-৩ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। নিজে জোড়া গোল করার পাশাপাশি ২টি গোল করিয়েছেন সতীর্থদের দিয়েও।
অবশ্য হ্যাটট্রিকও পেতে পারতেন আর্জেন্টাইন কিংবদন্তী। কিন্তু ম্যাচের শেষ গোলটা আত্মঘাতী হিসেবে ধরায় সেটি হয়নি। তবে তার এমন পারফরম্যান্স বিশ্বকাপের আগে স্বপ্ন দেখাচ্ছে সমর্থকদের।
সিনসিনাটির মাঠে গোলের মুখ খুলেন মেসিই। ২৪ মিনিটে প্রতিপক্ষের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগাতে ভুল করেননি তিনি এরপর অবশ্য ঘুরে দাঁড়ায় স্বাগতিকেরা, ৪৯ মিনিটের মাঝে এগিয়ে যায় ২-১ গোলে।
কেভিন দেঙ্কি ও পাভেল বুচার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিনসিনাটি। তবে এরপর আবারো মেসি ঝলক। রদ্রিগো ডি পলের বাড়ানে বল জালে জড়িয়ে ৫৫ মিনিটে সমতা ফেরান তিনি।
তবে প্রতিরোধ গড়ে ম্যাচে ফেরে সিনসিনাটি। তারা ৩-২ ব্যবধানে আবারো এগিয়ে যায় দলটি। গোল করেন ইভান্ডার। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে মায়ামি। চালায় একের পর এক আক্রমণ।
যার জেরে ৭৯ মিনিটে ফিরে সমতা। মেসি ডান দিক থেকে বল বাড়ান মাতেও সিলভেত্তির দিকে, যিনি দারুণভাবে কাট করে ভেতরে ঢুকে গোল করে ম্যাচ ৩-৩ করেন।
৮৪ মিনিটে আবারো মেসির সহায়তায় জালের দেখা পায় মায়ামি। এবার গোল করেন জার্মান বের্তেরাম। মেসিরা তখন এগিয়ে ৪-৩ গোলে। তবে থামেননি মেসি, গোলের নেশা যেন পেয়ে বসেছিল তাকে।
ম্যাচের শেষ ভাগে মাতেও সিলভেত্তির পাস পেয়ে আবারো বল জালে জড়ান মেসি। তবে হ্যাটট্রিক হয়নি তার। গোলটিকে আত্মঘাতী হিসেবে উল্লেখ করা হয়। তবে নিশ্চিত হয়ে যায় মায়ামির ৫-৩ গোলের জয়।



