বিশ্বকাপ মিস করার ভয় ছিল, ইয়ামালের স্বীকারোক্তি

আমি প্রার্থনা করছিলাম যেন গুরুতর কিছু না হয়, যেন এটি শুধু মাংসপেশির চোট বা তেমন কিছু হয়। কারণ বিশ্বকাপ খুব কাছেই ছিল এবং আমি জানতাম, হ্যামস্ট্রিংয়ের চোট কখনোই স্বল্পমেয়াদী সমস্যা নয়।

নয়া দিগন্ত অনলাইন
লামিন ইয়ামাল
লামিন ইয়ামাল |ইন্টারনেট

স্পেন জাতীয় দলের তারকা লামিন ইয়ামাল স্বীকার করেছেন, হ্যামস্ট্রিং চোটের কারণে বিশ্বকাপ মিস করার আশঙ্কায় তিনি ‘ভীত’ ছিলেন।

১৮ বছর বয়সী এই ফুটবলার গত ২২ এপ্রিল বার্সেলোনার হয়ে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে একটি পেনাল্টি থেকে গোল করার সময় চোটে পড়েন।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিজস্ব গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই উইঙ্গার বলেন, ‘আমি প্রার্থনা করছিলাম যেন গুরুতর কিছু না হয়, যেন এটি শুধু মাংসপেশির চোট বা তেমন কিছু হয়। কারণ বিশ্বকাপ খুব কাছেই ছিল এবং আমি জানতাম, হ্যামস্ট্রিংয়ের চোট কখনোই স্বল্পমেয়াদী সমস্যা নয়।’

তিনি আরো বলেন, ‘আমি ভয় পাচ্ছিলাম যে চোটটি গুরুতর হতে পারে। আর সবচেয়ে বেশি চিন্ত ছিল, যদি এটি গুরুতর নাও হয়, যদি আবার সমস্যা দেখা দেয়, তাহলে শেষ পর্যন্ত আমি বিশ্বকাপ মিস করতে পারি।’

স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে আশাবাদী, ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইয়ামালকে পাওয়া যাবে।

গতকাল রোববার স্পেন দলের প্রথম অনুশীলন সেশনে ইয়ামাল সতীর্থদের সাথে ওয়ার্ম-আপ করেন, এরপর তিনি জিমে আলাদা অনুশীলন করেন।

ইয়ামাল বলেন, ‘এটাও সত্য যে আপনি যখন জানেন আপনি বিশ্বকাপে খেলতে যাচ্ছেন, তখন মানসিকভাবে এমন মনে হয় যেন পুরো মৌসুমে আপনি একটি ম্যাচও খেলেননি। আর আমি এই টুর্নামেন্টে অভিষেকের জন্য ভীষণ উদ্গ্রীব।’

২০২৪-এ জার্মানিতে স্পেনের ইউরো শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইয়ামাল বলেন বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ। বিশ্ব আসরের ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন তিনি ‘হাজারবার’ দেখেছেন।

যদি ইয়মাল প্রথম ম্যাচে খেলতে না পারেন, তাহলে ধারণা করা হচ্ছে তিনি ২১ জুন সৌদি আরবের বিপক্ষে দ্বিতীয় ও ২৭ জুন উরুগুয়ের বিপক্ষে গ্রুপ এইচের শেষ ম্যাচে খেলবেন।