বিশ্বকাপের আয়োজক হিসেবে প্রস্তুতিটা মোটেও সুখকর হলো না যুক্তরাষ্ট্রের জন্য। ঘরের মাঠে প্রীতি ম্যাচে বেলজিয়ামের কাছে ৫-২ গোলের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শনিবার বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেছেন ডডি লুকেবাকিও।
প্রথমে অবশ্য এগিয়ে ছিল যুক্তরাষ্ট্রই। ৩৯ মিনিটে দুর্দান্ত এক ভলিতে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন ওয়েস্টন ম্যাককেনি। তবে বিরতির ঠিক আগ মুহূর্তে ফেরে সমতা।
২৫ গজ দূর থেকে জোরাল শটে গোল করেন বেলজিয়ামের ডিফেন্ডার জেনো ডিবাস্ট। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বেলজিয়াম। ৫৩ মিনিটে আমাদু ওনানা গোল করে দলকে এগিয়ে নেন। এর ৬ মিনিট পরই পেনাল্টি থেকে ব্যবধান ৩-১ করেন চার্লস ডি কেটেলারে। এরপর বদলি হিসেবে নামা ডডি লুকেবাকিও ৬৮ ও ৮২ মিনিটে পরপর দু’টি গোল করে যুক্তরাষ্ট্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
শেষ দিকে ৮৭ মিনিটে যুক্তরাষ্ট্রের হয়ে সান্ত্বনার একটি গোল শোধ করেন প্যাট্রিক আগেমাং। বড় ব্যবধানের এই হার বিশ্বকাপের আগে স্বাগতিকদের একটু চাপেই ফেলে দিলো।



