পেরুর কোচ হলেন ব্রাজিলের সাবেক কোচ মেনেজেস

পেরু ২০২২ কাতার বিশ্বকাপেও খেলতে পারেনি। সর্বশেষ তারা অংশ নিয়েছিল ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে।

নয়া দিগন্ত অনলাইন
মানো মেনেজেস
মানো মেনেজেস |সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলের সাবেক কোচ মানো মেনেজেসকে পেরুর জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। দেশটির ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে।

৬৩ বছর বয়সী মেনেজেস অস্কার ইবানেজের স্থলাভিষিক্ত হলেন। ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর ইবানেজকে বরখাস্ত করা হয়।

নতুন নিয়োগ প্রসঙ্গে মেনেজেস বলেন, আমরা জানি, সাম্প্রতিক কয়েক বছরে ফলাফলের দিক থেকে পেরুর সময়টা খুব একটা ভালো যায়নি। কিন্তু আমরা এখানে এসেছি কারণ আমরা বিশ্বাস করি, পেরুকে আবারো সঠিক পথে ফেরাতে এবং দেশটিকে পুনরায় শীর্ষ পর্যায়ের প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে আমরা কিছু করতে পারব।

ব্রাজিলিয়ান এই কোচের সর্বশেষ দায়িত্ব ছিল গ্রেমিওতে। সেখানে তিনি আট মাস কাজ করেন এবং দলটিকে ব্রাজিলিয়ান লিগে নবম স্থানে রেখে ২০২৬ কোপা সুদামেরিকানায় জায়গা নিশ্চিত করেন।

মেনেজেস ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের কোচ ছিলেন। তার সময়ে ব্রাজিল ফিফা র‌্যাঙ্কিংয়ে নেমে গিয়েছিল ১৪তম স্থানে, যা ছিল তাদের ইতিহাসের সর্বনিম্ন অবস্থান।

ব্রাজিলের ঘরোয়া ফুটবলে তিনি ফ্লামিনেন্সে, করিন্থিয়ান্স, ফ্ল্যামেঙ্গো, ক্রুজেইরো ও পালমেইরাসের মতো জনপ্রিয় ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন। ব্রাজিলের বাইরে তিনি চীনের শানডং লুনেং এবং সৌদি আরবের আল নাসরের কোচ ছিলেন।

পেরু ২০২২ কাতার বিশ্বকাপেও খেলতে পারেনি। সর্বশেষ তারা অংশ নিয়েছিল ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে।