প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখল ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ পর জয়ের পথে ফিরেছে পেপ গুয়ার্দিওলার দল। ঘরের মাঠে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে।
ইতিহাদ স্টেডিয়ামে শনিবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ম্যানসিটি। এই জয়ে শিরোপার লড়াইয়ের রোমাঞ্চ টিকে রইলো, আর্সেনালের সাথে লড়াইটা জমে গেল।
প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও মিলল না সাফল্য। ব্রেন্টফোর্ডের রক্ষণ ভাঙতে প্রায় এক ঘণ্টা লড়াই করতে হয়েছে স্বাগতিকদের। এরপর স্বস্তি এনে দেন জেরেমি ডোকু।
দর্শনীয় এক গোলে দলকে পথ দেখান তিনি। নিজের প্রথম শট প্রতিহত হওয়ার পর ফিরতি বলে বাম পাশ থেকে চমৎকার শটে বল জালে জড়ান ডোকু। শেষ ৩ ম্যাচে যা তার চতুর্থ গোল।
১৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আর্লিং হলান্ড। অ্যান্টোয়ান সেমেনিওর বাড়ানো বল গোলমুখে জটলার মাঝে পেয়ে, ব্যাকহিলে গোলটি করেন হলান্ড। এই গোলে তৃপ্তি ফিরে সমর্থকদের মাঝে।
এদিকে লিগে টানা চার ম্যাচে জালের দেখা পেলেন হলান্ড। ২৬ গোল করে আবারো প্রিমিটয়ার লিগের গোল্ডেন বুট জয়ের পথে আছেন তিনি।
আর যোগ করা সময়ে ব্যবধান আরো বাড়ায় সিটি। হলান্ডের পাস পেয়ে একজনের বাধা সামলে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন মিসরের ফরোয়ার্ড ওমর মারমুশ।
৩-০ গোলের এই জয়ে শীর্ষস্থানে থাকা আর্সেনালের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে সিটি। ৩৫ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি আর্সেনালের।



