চ্যাম্পিয়ন্স লিগে খেলার দ্বারপ্রান্তে এসি মিলান ও জুভেন্টাস

৫৭ মিনিটে ওয়েস্টন ম্যাককেনির নিখুঁত ক্রস থেকে মৌসুমে নিজের চতুর্থ গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন থুরাম।

নয়া দিগন্ত অনলাইন

রোববার ভেরোনা ও বোলোনিয়ার বিপক্ষে নিজ নিজ ম্যাচ জিতে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার পথে অনেকটাই এগিয়ে গেছে এসি মিলান ও জুভেন্টাস।

ভেরোনার মাঠে মিলানের ১-০ ব্যবধানে জয়ের ম্যাচটিতে একমাত্র গোলটি করেন আদ্রিয়েন রাবিয়ত। এই জয়ের ফলে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা কোমো ও রোমার থেকে আট পয়েন্ট এগিয়ে দ্বিতীয় স্থানে আছে মিলান। অন্যদিকে বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়ে চতুর্থ স্থানে থাকা জুভেন্টাস এখন সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিযয়ন মিলানের থেকে তিন পয়েন্ট পিছিয়ে আছে।

ফ্রান্সের মিডফিল্ডার রাবিয়ত মাঝমাঠে বল দখল করে রাফায়েল লিয়াওয়ের সাথে আদান-প্রদানের পর ৪১ মিনিটে ঠান্ডা মাথায় মৌসুমে নিজের ষষ্ঠ লিগ গোলটি করেন। ধীর গতির ম্যাচটির এটিই ছিল একমাত্র উল্লেখযোগ্য মুহূর্ত।

শুক্রবার সাসৌলোর কাছে কোমোর অপ্রত্যাশিত হার এবং শনিবার রাতে আতালান্টার সাথে রোমার ড্র- এই ফলাফলগুলোর সুবিধা নিয়েছে মিলান ও জুভেন্টাস। মৌসুমে আর পাঁচটি ম্যাচ বাকি থাকতে দুই দলই শীর্ষ চারে থাকার নিজেদেও অবস্থান শক্তিশালী করেছে।

দ্বিতীয় স্থানে থাকা মিলান এই মৌসুমে কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় খেলেনি। আগের মৌসুমের বাজে পারফরম্যান্সের কারণে গত গ্রীষ্মে মাসিমিলিয়ানো আলেগ্রি আবার কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন।

আলেগ্রি জানিয়েছেন তিনি ইতোমধ্যে ক্লাব কর্তৃপক্ষের সাথে আগামী মৌসুমের পরিকল্পনা শুরু করেছেন। কাল জয়ের পর ৫৮ বছর বয়সী এই কোচ আবারো ইতালির কোচের পদে নিয়োগের সম্ভাবনা নাকচ করেন।

এ সম্পর্কে তিনি বলেন, ইতালিয়ান ফুটবল ফেডারেশন থেকে কেউ আমার সাথে যোগাযোগ করেনি। আমার সব চিন্তা এখন মিলানকে ঘিরে। আমরা একসাথে শুরু করেছি এবং একসাথেই তা চালিয়ে যাব।

ভেরোনার টানা পঞ্চম হার তাদের রেলিগেশন প্রায় নিশ্চিত করেছে পাওলো সামার্কোর দলটি এখন লিগের তলানিতে এবং ড্রপ জোনের ঠিক বাইরে থাকা ক্রেমোনেসের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে আছে। দিনের আগের ম্যাচে তোরিনোর সাথে ০-০ গোলে ড্র করে ক্রেমোনেস।

জুভেন্টাসের হয়ে দুই অর্ধে জনাথন ডেভিড ও খেফরেন থুরামের গোল বোলোনিয়াকে হারাতে যথেষ্ট ছিল। অক্টোবরে বরখাস্ত হওয়া ইগর টুডরের পরিবর্তে দায়িত্ব নেয়া লুসিয়ানো স্পালেত্তিকে যে লক্ষ্য দেয়া হয়েছিল, তার কাছাকাছি পৌঁছে যাচ্ছে দলটি।

পিয়েরে কালুলুর ক্রস থেকে ডেভিডের হালকা স্পর্শে করা গোলটি ছিল ফেব্রুয়ারির পর তার প্রথম গোল। ম্যাচের আগে সাবেক জুভেন্টাস গোলরক্ষক আলেক্সান্ডার মানিঙ্গারের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বৃহস্পতিবার ট্রেনের ধাক্কায় গাড়ি দুর্ঘটনায় ৪৮ বছর বয়সে তিনি মারা যান।

২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে জুভেন্টাসের হয়ে ৪০টি ম্যাচ খেলা মানিঙ্গারের স্মরণে দর্শকরা করতালি দেন। সাবেক সতীর্থ জিয়ানলুইজি বুফন, লিওনার্দো বোনুচ্চি ও গিওর্গিও চিয়েলিনি মাঠে ফুল নিয়ে এসে তার প্রতি শ্রদ্ধা জানান।

৫৭ মিনিটে ওয়েস্টন ম্যাককেনির নিখুঁত ক্রস থেকে মৌসুমে নিজের চতুর্থ গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন থুরাম।

অষ্টম স্থানে থাকা বোলোনিয়া এখন ইউরোপীয় প্রতিযোগিতার স্থান থেকে ১০ পয়েন্ট পিছিয়ে আছে। থুরামের গোলের পরপরই জনাথন রোয়ের সামনে ব্যবধান কমানোর সুযোগ ছিল, কিন্তু নাদির জোর্তেয়ার নিচু ক্রস থেকে কাছাকাছি দূরত্বে নেয়া তার শট পোস্টে লেগে ফিরে আসে।