বিশ্বকাপের আগে পানামাকে বিধ্বস্ত করলো ব্রাজিল

রোববার নিজ খেলোয়াড়দের পরীক্ষা নিতে দারুণ এক সিদ্ধান্ত নেন কোচ আনচেলত্তি। গোলরক্ষক ওয়েভেরতন ছাড়া বেঞ্চে থাকা বাকি ১০ খেলোয়াড়ের সবাইকে বিরতির পর নামিয়ে দেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
ব্রাজিলের উচ্ছ্বাসে মাঠে বিজয়ের ছোঁয়া
ব্রাজিলের উচ্ছ্বাসে মাঠে বিজয়ের ছোঁয়া |সংগৃহীত

বিশ্বকাপের আগে দেশের মাটিতে নিজেদের সবশেষ ম‍্যাচে পানামাকে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে রীতিমতো গোল উৎসব করেছে দলটা।

রোববার (৩১ মে) রাতের একপেশে ম‍্যাচে ৬-২ গোলে জিতেছে ব্রাজিল। স্বাগতিকদের হয়ে জালের দেখা পেয়েছেন ভিনিসিউস জুনিয়র, কাসেমিরো, লুকাস পাকেতা, হায়ান, ইগো চিয়াগো ও দানিলো সান্তোস।

এদিন নিজ খেলোয়াড়দের পরীক্ষা নিতে দারুণ এক সিদ্ধান্ত নেন কোচ আনচেলত্তি। গোলরক্ষক ওয়েভেরতন ছাড়া বেঞ্চে থাকা বাকি ১০ খেলোয়াড়ের সবাইকে বিরতির পর নামিয়ে দেন তিনি।

এদিন দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। কাসেমিরোর কাছ থেকে বল পেয়ে ৩৫ গজ দূর থেকে গতিময় শটে জাল খুঁজে নেন ভিনিসিউস। তবে ম্যাচের ধারার বিপরীতে হঠাৎই সমতায় ফেরে পানামা।

চতুর্দশ মিনিটে মাইকেল মুরিলোর নেয়া একটি ফ্রি-কিক ব্রাজিলের মাথিউস কুনহার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ১-১ সমতা আসে।

৩৯তম মিনিটে ফের ব্রাজিলকে এগিয়ে নেন কাসেমিরো। ভিনিসিউসের চমৎকার ক্রসে দারুণ হেডে জাল খুঁজে নেন অভিজ্ঞ মিডফিল্ডার। ২-১ ব্যবধানে লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে সেলেসাওরা।

বিরতির পর পানামার রক্ষণভাগের ওপর রীতিমতো ঝড় তোলে ব্রাজিল। ৫৩ মিনিটে গোল করেন রায়ান। আর ৬০ মিনিটে লুকাস পাকেতার শট পানামার কর্দোবার গায়ে লেগে জালে ঢুকে গেলে ব্যবধান আরো বাড়ে।

৬৩তম মিনিটে সফল স্পট কিকে ব্রাজিলের পঞ্চম গোলটি করেন চিয়াগো। তাকেই পানামা গোলরক্ষক ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা। আর ৮১তম মিনিটে স্কোর লাইন ৬-১ করেন দানিলো সান্তোস।

পানামা অবশ্য শেষদিকে একটি গোল শোধ দেয়। ৮৪তম মিনিটে ডি বক্সের বাইরে আলগা বল পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন কার্লোস হার্ভে। স্কোর হয় ৬-২।

পানামার বিপক্ষে বড় জয়ের পর আগামী ৭ জুন মোহামেদ সালাহর মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপরই শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন। যেখানে তারা লড়াই করবে হেক্সা জয়ের উদ্দেশ্যে।